# Tags

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন কার্যক্রম ও নিবন্ধন না থাকা—এসব অভিযোগে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (৯ আগষ্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে জেলার শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য আইনের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) এসব জরিমানা করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকাদার। উক্ত আদলত কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় অবস্থিত আল মাসুম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কৃত্রিম রং ব্যবহার করার দায়ে এক লক্ষ টাকা অর্থদন্ড, কালিবাড়ী মোড়ে অবস্থিত জয়কালি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজকে খাবারে তেলাপোকা ও রান্নাঘরের ভিতর অস্বাস্থ্যকর টয়লেট রাখার দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, গৌরাঙ্গবাজারে অবস্থিত মদন গোপাল সুইস কেবিনকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, বড় বাজার, জাহাঙ্গীর মোড়ে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার কে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, বত্রিশ এলাকায় অবস্থিত এ. টি ফ্লাওয়ার মিলসকে অনিবন্ধিত অবস্থায় ময়দা বাজারজাত করায় ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।